১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:২৮ এএম BDST banglanew24
16 Oct 2012   07:14:55 AM   Tuesday BdST
E-mail this

‘১৩ কোটি ৯৭ লাখ টাকা কোথায় গেল’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘১৩ কোটি ৯৭ লাখ টাকা কোথায় গেল’

ঢাকা: মানি লন্ডারিংয়ের মামলায় সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন অর রশিদের জামিনের জন্য আপিল শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, “এখানে ডেসটিনি গ্রুপ তো অভিযুক্ত নয়। এ মামলায় অভিযোগ হচ্ছে ব্যক্তিগত। মানি লন্ডারিংয়ের মামলা। এখানে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির অভিযোগ প্রাসঙ্গিক নয়।”

তিনি বলেন, “ডেসটিনির ব্যাংক অ্যাকাউন্ট থেকে লে. জেনারেল (অব.) হারুন অর রশিদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে ১৯ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে উত্তোলন করা হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা এবং স্থিতি আছে ৫ কোটি ৮৪ লাখ টাকা। তাহলে ১৩ কোটি ৯৭ লাখ টাকা কোথায় গেল? এটা তো ডেসটিনির টাকা।এ টাকা তো তার অ্যাকাউন্টে আসার কথা নয়।”

সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে মুরাদ রেজা বলেন, “উনি কী লোন (ঋণ) নিয়েছেন নাকি?। এছাড়া উনি এসব টাকার ব্যাপারে কোনো জবাব দেননি।”

মুরাদ রেজা আরো বলেন, “হারুন অর রশিদ সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা ছিলেন। যুদ্ধাপরাধের বিচার চলা অবস্থায় উনি অব্যাহতি নিয়েছেন। তার মতো একজন সম্মানিত লোকের কাছ থেকে এটা তো আমরা আশা করতে পারি না। তিনি ফোরামে থাকলে এ বিচারে অনেক সহায়তা পেতাম।”

এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে বলেন, “ডেসটিনির টাকা তো উনার (হারুন অর রশিদ) অ্যাকাউন্টে যেতে পারে না। এটাতো মানুষের টাকা।”

এ সময় আদালত বলেন, “তাহলে ১৩ কোটি টাকা ৯৭ লাখ টাকা কোথায় গেল?”

জবাবে খুরশীদ আলম খান বলেন, “সেটা তদন্তে বেরিয়ে আসবে। লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কমান্ডার ছিলেন। এ জন্য উনাকে আমরা সম্মান করি। কিন্তু এখানে ডেসটিনির পার্ট একেবারেই আলাদা।”

এর আগে হারুন অর রশিদের আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, “হারুন অর রশিদ সাবেক সেনাপ্রধান, রাষ্ট্রদূত ও সাব সেক্টর কমান্ডার ছিলেন। তিনি ডেসটিনির ঋণ গ্রহণ ও প্রদানের কোনো দায়িত্বে ছিলেন না। তার বিরুদ্ধে বাদীপক্ষ কোনো সুনির্দিষ্ট অভিযোগ আনেননি। মানি লন্ডারিংয়ে কোনো উপাদান এ মামলায় নেই। তাকে জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না। জামিনের অপব্যবহার করবেন না। এছাড়া তিনি অসুস্থ।”

এ সময় আদালত তার অসুস্থতার পক্ষে দুটি সার্টিফিকেট আদালতে দাখিল করেন।
 
এরপর হারুন অর রশিদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যে পরীক্ষা করে ১৭ অক্টোবর একটি মেডিকেল রিপোর্ট আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেন হাইকোর্ট।

গত ১১ অক্টোবর ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২৭ সেপ্টেম্বর তারাসহ ডেসটিনির শীর্ষ ২২ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন বাতিল করেছিলেন একই আদালত।

এ আদেশে বিরুদ্ধে লে.জেনারেল (অব.) হারুন অর রশিদ রোববার হাইকোর্টে আপিল করেন।

উল্লেখ্য, দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম গত ৩১ জুলাই মামলা দুটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যানটেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু বর্তমানে তাদের পৃথক দুটি অ্যাকাউন্টে ৫৬ লাখ ও ৪ কোটি ৮৭ লাখ টাকা আছে। বাকি তিন হাজার ২৮৫ কোটি টাকা তারা মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
এমইএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান