 |
ঢালিউডের শীর্ষনায়ক দেশের বাইরে গেছেন চলতি মাসের ১০ তারিখ। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই জানতো তিনি দুবাই যাচ্ছেন। সম্প্রতি মোবাইলে এসএমএসের মাধ্যমে শাকিব খান বাংলানিউজকে জানালেন, দুবাইতে নয় তিনি এখন আছেন সৌদি আরবে। পবিত্র ওমরাহ পালনের জন্যই তার এই বিদেশ সফর।
বাংলানিউজকে এসএমএসের মাধ্যমে শাকিব খান আরো জানান, ছোটবেলা থেকেই তার ধর্ম-বিশ্বাস প্রবল। অনেকদিনের ইচ্ছে ছিল ওমরাহ পালনের। এ জন্যই দুবাই হয়ে তিনি সৌদি আরবে গেছেন পবিত্র ওমরাহ পালনের জন্য। ওমরাহ পালনের মাধ্যমে আল্লার কাছে শুকরিয়া জানিয়ে ২০ আগস্ট তিনি দেশে ফিরবেন। বাংলাদেশে সেদিন হয়তো ঈদ উদযাপিত হবে।
গত তিন বছরের মতো এবারও ঈদে নায়ক হিসেবে শাকিব খান অভিনীত সর্বাধিক ছবি মুক্তি পাচ্ছে। এই ঈদে মুলধারার বানিজ্যিক ছবি মুক্তি পাচ্ছে ৬টি। যার মধ্যে ৪টি ছবির নায়ক শাকিব খান।
শাকিব খান অভিনীত ঈদের ৪টি ছবির মধ্যে রয়েছে সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’ ছবিটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার একসময়ের ক্রেজ তিন্নি। এফআই মানিকের পরিচালনায় ‘মাই নেম ইজ সুলতান’ ছবিতে রয়েছেন সাহারা। শাহীন সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ ছবিতেও শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাহারাকে।
এবারের ঈদে ছোটপর্দাতেও থাকছে শাকিব খানের উপস্থিতি। মাছরাঙা টিভির ‘স্টার নাইট’ শীর্ষক সেলিব্রিটি শোতে অতিথি হয়ে উপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি বাংলাভিশনের একটি সেলিব্রিটি শোতে তাকে দেখা যাবে।
বাংলাদেশ সময় : ১২১০, আগস্ট ১৬, ২০১২
সম্পাদনা : বিপুলা হাসান, বিভাগীয় সম্পাদক