 |
ঢাকা: সিরিয়ায় গত ২৪ ঘণ্টায় বাশার সমর্থক ২৮ সেনা ও এক শিয়া ধর্মীয় নেতাসহ ৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। সিরিয়ার সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণকারী মানবাধিকার সংগঠন সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউমান রাইটস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য নিশ্চিত করে।
মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিহত হয় ২০ সেনা। মঙ্গলবার রাতে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত স্থায়ী হওয়া সংঘাতে ৫ বিদ্রোহীও নিহত হয় বলে জানা গেছে।
বেশিরভাগ সেনা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি সংঘাতে নিহত হয় বলে উল্লেখ করেন লন্ডনভিত্তিক মানবাধিকার গ্রুপটির প্রধান রামি আবদেল রাহমান । এ সময় উল্লেখযোগ্য সেনা আহত হওয়ার পাশাপাশি অফিসার সহ বেশ কয়েকজন সেনাসদস্য বিদ্রোহীদের হাতে বন্দি হয় বলে জানান তিনি।
এর পাশাপাশি মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের তুর্কি সীমান্ত সংলগ্ন একটি সামরিক একটি চেক পয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে ৫ সরকারি সেনা নিহত হয় বলে জানা গেছে। এছাড়া একই প্রদেশের মিরাত আল নুমান শহরেও গোলাগুলির আওয়াজ শোনা গেছে জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
এছাড়া মধ্যাঞ্চলীয় প্রদেশ হামার কেরনাজ শহরে বিদ্রোহীদের হামলায় তিন সেনা নিহত হয়। একই শহরে সরকারি সেনাদের গোলাবর্ষণে নিহত হন এক দম্পতি।
অজ্ঞাত বন্দুকধারীরা রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত সাইয়েদা জয়নাব এলাকায় এক শিয়া ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করে। পাশাপাশি নগরীর কেন্দ্রস্থলের কাছাকাছি তাদামোন শহরতলীতে সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
আরব জাগরণের ধারাবাহিকতায় গত বছরের মার্চ মাসে সিরিয়ায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরু হয়। এর পর থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত সিরিয়ায় প্রায় ১৪ হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক লোক।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর