গাইবান্ধা: ৫ দফা দাবিতে গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।
বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে তারা ওই কর্মসূচি পালন করেন।
দফাগুলো- জাতীয় বাজেটে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বার্ষিক প্রবৃদ্ধি, সম্মানজনক বাড়ি ভাড়া প্রদান এবং শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণার দাবিতে তারা ওই কর্মবিরতি কর্মসূচি পালন করেন।
শিক্ষক নেতা প্রভাষক গোলাম সাদেক লেবু বাংলানিউজকে জানান, গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ, সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজ, বেলকা ডিগ্রি কলেজ, সাঘাটা ডিগ্রি কলেজেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেন।
আগামী ২৫ জুন উপরোক্ত দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ, নিউজরুম এডিটর