 |
সিরাজগঞ্জ: বুধবার সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনায় নৌকাডুবিতে একই পরিবারের ৫ জন নিখোঁজ হয়েছেন।
চৌহালী উপজেলা ছাত্রলীগ সভাপতি ফারুক সরকার ও একই উপজেলার স্থল ইউনিয়নের দশশিকা গ্রামের অধিবাসী ইউপি সদস্য আব্দুল-আল-মামুন বাংলানিউজকে জানান, উপজেলার ঘোরজান ইউনিয়নের কালুহারা গ্রামের সাইফুল ইসলাম বিকেলে তার শ্বশুর হরমুজ মোল্লা (৪৫), শাশুড়ি মালেকা খাতুন (৪০), শালিকা মিম (৯), স্ত্রী হনুফা খাতুন (২৪), সাড়ে তিন বছরের শিশু পুত্র ইয়াকুব ও তাদের আত্মীয় সখিনা খাতুনকে (৮) সঙ্গে নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত একটি ছোট নৌকায় শ্বশুর বাড়ি টিয়ারপাড়া থেকে নিজ বাড়িতে আসছিলেন। পথে যমুনার পাকে পড়ে নৌকা ডুবে যায়।
এতে সাইফুল তার শিশু ইয়াকুবকে নিয়ে কুলে উঠতে পারলেও বাকিরা ডুবে নিখোঁজ হন। সাইফুল ও ইয়াকুবকে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌহালী থানার ওসি ফারুক হোসেন জানান, স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।
তবে রাত ১২টা পর্যন্ত তাদের উদ্ধার সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
প্রতিবেদন: সুলতানা ইয়াসমিন মিলি, সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর