 |
ঢাকা: ঢাকার জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের ২০ জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৮ জেলায় জেলা প্রশাসক পদে কর্মরত যুগ্ম-সচিবদের প্রত্যাহার করে সেখানে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
ঢাকায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ইউসুফ হারুনকে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারীকে। শরীয়তপুরের জেলা প্রশাসক করা হয়েছে গণগ্রন্থাগারের পরিচালক রাম চন্দ্র দাসকে।
এছাড়া মাগুরায় সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব মাসুদ আহমেদকে, জামালপুরে পটুয়াখালীর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দেলওয়ার হায়দারকে, জয়পুরহাটে রাজস্ব বোর্ডের প্রথম সচিব মো. ইমরুল চৌধুরীকে, খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ করিমকে, গোপালগঞ্জে গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমানকে, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসকে ঠাকুরগাঁওয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমান ভূঁইয়াকে টাঙ্গাইলে, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনকে চাঁদপুরে, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল আলমকে বরিশালে, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আহমেদ শামীম আল রাজিকে দিনাজপুরে, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল হাসান বাদলকে গাইবান্ধায়, জয়পুরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমানকে লালমনিরহাটে, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ করিমকে মানিকগঞ্জে, কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব সৈয়দ বেলাল হোসেনকে কুষ্টিয়ায় এবং নেত্রকোনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রুহুল আমিনকে কক্সবাজারের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক পদে কর্মরত যুগ্ম-সচিবদের মধ্যে কুষ্টিয়ার বনমালী ভৌমিক, মানিকগঞ্জের মুন্সি শাহাবুদ্দিন আহমেদ ও খাগড়াছড়ির আনিছুল হক ভূঁইয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত এবং দিনাজপুরের জামাল উদ্দিন আহমেদ ও জামালপুরের সিরাজ উদ্দিন আহমেদকে ওএসডি করে বিদ্যুৎ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসক পদে থাকা যুগ্ম-সচিবদের মধ্যে ওএসডি করে বিভিন্ন মন্ত্রণালয়ে যাদের সংযুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁওয়ের শহিদুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ে, শরীয়তপুরের সানোয়ার হোসেনকে শিল্প মন্ত্রণালয়ে, বরগুনার মজিবুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে, লালমনিরহাটের মোখলেছুর রহমান সরকারকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এবং মাগুরার সুশান্ত কুমার সাহাকে মৈত্রী শিল্প সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বরিশালের জেলা প্রশাসক এসএম আরিফ উর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
যুগ্ম-সচিব হয়েও জেলা প্রশাসক পদে থাকা কর্মকর্তাদের মধ্যে জয়পুরহাটের অশোক কুমার বিশ্বাসকে রাজশাহী ও টাঙ্গাইলের এম বজলুল করিম চৌধুরীকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং গাইবান্ধার শহিদুল ইসলামকে ঢাকার স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিয়োগ করা হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ভোলা নাথ দেকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য নিয়োগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য চাঁদপুরের ডিসি প্রিয়তোষ সাহাকে ওই মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এসএমএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর