ঢাকা: ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীনসহ আটককৃতদের মুক্তি, জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, ডেসটিনির বিরুদ্ধে সব যড়যন্ত্র বন্ধ, ডেসটিনির ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডেসটিনি ডিস্ট্রিবিউটরস ফোরাম।
শনিবার ডেসটিনি ডিস্ট্রিবিউটরস ফোরামের শতাধিক সদস্য জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় তারা ডেসটিনির জব্দকৃত সকল ব্যাংক হিসাব খুলে দিয়ে বকেয়া কমিশন ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন প্রদান, বকেয়া অফিস ভাড়া ও বিদ্যুৎ বিল প্রদানে সহায়তা করার দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
মানববন্ধনে ডেসটিনি গ্রুপের অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত কোটি মানুষের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনা করে দ্রুত সম্মানজনক সমাধান করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন ডিস্ট্রিবিউটররা।
উল্লেখ্য, ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
মুদ্রা পাচার প্রতিরোধ আইনে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি প্লানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ স্থানান্তরের প্রমাণ পেয়ে মামলা দুটি দায়ের করা হয়। একপর্যায়ে ডেসটিনির হিসাব জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
এমইএস/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর eic@banglanews24.com