প্রবাসী বাঙালীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ফরগটেন রুটস’-এর শিরোপা জিতে নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মঞ্জুর হোসাইন। প্রায় ৪০০ প্রতিযোগীকে পেছনে ফেলে মেধা ও যোগ্যতা প্রমান করে পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন তিনি ১০ হাজার পাউন্ড।
১৫ জুলাই রোববার রাতে বসুন্ধরা সিটির এটিএন বাংলার নিজস্ব স্টুডিওতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ডেল্টা বে’ ও পিলার প্রোডাকশন প্রযোজিত ‘ফরগটেন রুটস’-এর বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার নওয়াজেশ আলী খান। উপস্থিত ছিলেন ডেল্টা বে’ র চেয়ারম্যান ফকরউদ্দীন রাজী, ফরগটেন রুটসের প্রযোজক ও ডেল্টা বে’র উপ-ব্যবস্থাপনা পরিচালক তানজীম আহমেদ সজীব, ডেল্টা বে’র ফিনান্স ডিরেক্টর আলী মো: জাকারিয়া, ডেল্টা বে’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব সোহেল এবং পিলার প্রোডাকশন, প্রবাসী পল্লী ও ইউনাইটেড এয়ার ওয়েজের উর্ধ্বতন কর্মকর্তারা।
শীর্ষ ১০ জন প্রতিযোগীর মধ্য প্রথম হন মঞ্জুর হোসাইন, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সৈয়দ নিশাত মনসুর ও জিনিয়া আজমী। এছাড়াও প্রতিযোগিতায় যথাক্রমে ৪র্থ হয়েছেন জাকির টনি, ৫ম তামিয়া মোনা খাতুন, ৬ষ্ঠ আফসার আলম, ৭ম আলামিন ফারুক, ৮ম তসলিমা বেগম, ৯ম তাবাসুম মিষ্টি তাজনিন এবং ১০ম হয়েছেন বেনজির প্রিয়ংকা।অনুষ্ঠানে সেরা ফুর্তিবাজ নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের আফসার আলম, সেরা প্রতিশ্রুতিশীল হন জাকির টনি এবং সেরা ফেয়ার প্লে¬ প্রতিযোগী নির্বাচিত হন তামিয়া মোনা খাতুন।
রিয়েলিটি শো ‘ফরগটেন রুটস’-এ ২১টি ধাপ অতিক্রম করতে হয় গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪ শতাধিক প্রবাসী বাঙালী তরুণ-তরুণী। সেখান থেকে সেরা ১০ জনকে বাছাই করা হয়। তাদের নিয়ে গ্রামের হাটবাজারে গিয়ে পণ্য বেচাকেনা, পিঠা বানানো, ধান কাটা, কাঁদা পনিতে মাছ ধরা ও মুুক্তিযুদ্ধের গেরিলা ট্রেনিং সহ আরও কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এভাবে প্রায় ২০টি রাউন্ড শেষ হয়।
সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনালে পর্বে অনুষ্ঠিত হয়েছে তাৎক্ষণিক নানা প্রতিযোগিতা। সেখানে চুড়ান্ত পর্বে প্রতিযোগীদের পয়েন্ট, বিচাকরের রায় ও দর্শকদের ভোটে নির্বাচিত হয় সেরা প্রতিযোগী। প্রতি পর্বে বিচারকের দায়িত্ব পালন করেছেন গ্রামীণ জনগোষ্ঠী ও নির্বাচিত বিচারকরা।
এ অনুষ্ঠানে প্রতিযোগীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি ছিল জমকালো সংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী হায়দার হোসেন, তপু ও মমতাজ। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় এটিএন বাংলার পর্দায়।
বাংলাদেশ সময় ১৪২০, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর