 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সাধারণ সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ৪৩ দশমিক ৫৪ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশ।
আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৯৮ দশমিক ৭০ পয়েন্ট। যা সপ্তাহের সর্বশেষ লেনদেন হওয়া দিন বুধবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৪২ দশমিক ৭০ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সূচক বেড়েছে ৪৩ দশমিক ৫৪ পয়েন্ট বা ১ দশমিক ০৬ শতাংশ।
অন্যদিকে, গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেন বেড়েছে। এছাড়া বেড়েছে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭১ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৫১৫ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৯৫ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা।
গত সপ্তাহের ৪ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত ছিল ১৬টির দাম। কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ৫৮টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত ছিল ৩টির দাম। কোনো লেনদেন হয়নি ৯টি কোম্পানির শেয়ার।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, মোট ৪ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ১৬৭ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৬২৯ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ২২৩ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার ৬৬৫ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ১৯ দশমিক ৬৪ শতাংশ।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- সায়হাম কটন মিল (২৮ দশমিক ৬৫ শতাংশ দাম বাড়ে), বাংলাদেশ সাবমেরিন ক্যাবল (২৩ দশমিক ০১ শতাংশ), আমরা টেকনোলজি (২২ দশমিক ৫৪ শতাংশ), ইউনিক হোটেল (১৯ দশমিক ২৭ শতাংশ), রংপুর ডেইরি অ্যান্ড ফুড (১৭ দশমিক ১৮ শতাংশ), সালভো ক্যামিকেল (১৭ দশমিক ০৯ শতাংশ), আরএন স্পিনিং (১৬ দশমিক ৪৭ শতাংশ), সায়হাম টেক্সটাইল (১৪ দশমিক ৯৫ শতাংশ), মালেক স্পিনিং (১৪ দশমিক ৭৯ শতাংশ) এবং সামিট পাওয়ার (১৪ দশমিক ২৯ শতাংশ)।
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- মাইডাস ফাইন্যান্স (২৩ দশমিক ২৪ শতাংশ দাম কমেছে), মুন্নু স্ট্যাফলারস (১৪ দশমিক ৭১ শতাংশ), পঞ্চম আইসিবি মি. ফা. (১৩ দশমিক ৩০ শতাংশ), সমতা লেদার (১০ দশমিক ৭৬ শতাংশ), ষষ্ঠ আইসিবি মি. ফা. (৮ দশমিক ৪১ শতাংশ), প্রাইম ইসলামী লাইফ (৮ দশমিক ২৪ শতাংশ) অষ্টম আইসিবি মি. ফা. (৮ দশমিক ০৭ শতাংশ), কোহিনুর ক্যামিকেল (৭ দশমিক ৯২ শতাংশ), সিয়ামপুর সুগার মিল (৭ দশমিক ৭৮ শতাংশ) এবং বিড ফাইন্যান্স (৭ দশমিক ৪৫ শতাংশ)।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর