 |
| ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফার.কম |
ঢাকা: হরতালে জামায়াত সমর্থন দিলেও এখন পর্যন্ত মাঠে নামেনি জামায়াত- শিবির। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেও জামায়াত- শিবিরের কর্মীদের মাঠে দেখা যায়নি।
বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ইসলামী ও সমমনা ১২ দলের ডাকা হরতালকে সমর্থন দেন। বুধবার সন্ধ্যায় বৃহস্পতিবারের হরতালে জামায়াত-শিবির সমর্থনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়।
জানা গেছে, বুধবার সকালে রাজধানীর মহাখালীতে জামায়াত- শিবির যুদ্ধাপরাধের বিচারে আটক শীর্ষ নেতাদের মুক্তি ও বৃহস্পতিবারের হরতালকে সমর্থন জানিয়ে মিছিল করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে বিকেলের দিকে জামায়াতের কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে হরতালে তাদের সমর্থনের কথা জানান।
তবে বৃহস্পতিবারের হরতালে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জামায়াত- শিবির কর্মীদের হরতালের সমর্থনে মিছিল কিংবা পিকেটিং কোনোটিই করতে দেখা যায়নি।
জামায়াত- শিবির অধ্যুষিত মালিবাগ, মগবাজার, মৌচাক, কাকরাইল, শান্তিনগর, পল্টন, ফকিরাপুল এবং বায়তুল মোকাররম এলাকায় তাদের আনাগোনা পর্যন্ত দেখা যায়নি।
এদিকে বুধবার হরতালে জামায়াতের সমর্থনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেয়। হরতালে বিশৃঙ্খলা করতে পারে জামায়াত-শিবির, এমন আশঙ্কায় বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ মাঠে থাকে।
এছাড়া ভোর ৫টা থেকে হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে তারা আবার মাঠে নামে।
মৌচাক এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, ‘‘জামায়াত হরতালকে সমর্থন দেওয়ার পরপরই উর্ধ্বতন কর্মকর্তারা পুরো রাজধানীর নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি হর্ন বাজিয়ে টহল দেওয়ারও নির্দেশ দেন।’’
ওই কর্মকর্তা আরো বলেন, “আমরা গভীর রাত পর্যন্ত টহলে ছিলাম। আবার ভোর ৫টায় স্পট ডিউটিতে এসেছি।”
তিনি বলেন, “জামায়াত হরতালে সমর্থন দেওয়ার কারণে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।”
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
জেএস/ আইএ/ সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com