কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মহিন (২৮) নামে এক পোলট্রি ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।
রোববার ভোরে উপজেলার বেতিয়ারা এলাকার গাংরা গ্রামের এ ঘটনাটি ঘটে।
নিহত মহিন স্থানীয় সাদেক মিয়ার ছেলে।
আহতরা হলেন মহিনের ভাই ইলিয়াস (২৬) এবং কর্মচারী কাজী এনামের ছেলে মুকবুল আহমেদ (২৮) ও হেলাল (২৬)। তাদের গুরুতর অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, শনিবার রাতে মহিনসহ ওই চারজন বেতিয়ারা গাংরা গ্রামে তাদের পোলট্রি খামারে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে সাত/আট জনের একদল মুখোশধারী সন্ত্রাসী খামারে এসে মহিনকে জবাই করে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে দা ও চাপাতির আঘাতে আহত হন মহিনের ভাই ইলিয়াস, কর্মচারী মুকবুল আহমেদ ও হেলাল।
খবর পেয়ে রোববার সকাল সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর