 |
ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনীত প্রার্থী মিট রমনি উদীয়মান রিপাবলিকান আইন প্রণেতা পল রায়ানকে নিজের রানিংমেট (সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হিসেবে ঘোষণা করেছেন। ৪২ বছর বয়সী পল রায়ান উইসকনসিন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। যুক্তরাষ্ট্রে রক্ষণশীল অর্থনীতির অন্যতম প্রবক্তা হিসেবে তিনি সুপরিচিত।
রিপাবলিকান দল থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রমনির সহযোগী হওয়ার দৌঁড়ে পল রায়ানের পাশাপাশি ওহাইয়োর সিনেটর রব পোর্টমান এবং মিনেসোটার সাবেক গভর্নর টিম পলেনটির নামও উঠে এসেছিলো। তবে শেষ পর্যন্ত তরুণ ও প্রতিশ্রুতিশীল রক্ষণশীল রিপাবলিকান পল রায়ানকেই বেছে নেন রমনি।
শনিবার সকালে ভার্জিনিয়ার নরফোকে অবস্থিত সাবেক মার্কিন রণতরী ইউএসএস উইসকনসিনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে রানিংমেট হিসেবে পল রায়ানের নাম ঘোষণা করবেন মিট রমনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীতে ব্যবহৃত জাহাজটিকে অবসর দিয়ে বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিটিভে মাত্র ২৮ বছর বয়সে নির্বাচিত হন পল রায়ান। রিপাবলিকান দলে তাকে অন্যতম তরুণ ও উদীয়মান নেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি কংগ্রেসের বাজেট বিষয়ক কমিটির প্রধান হিসেবে কেন্দ্রীয় বাজেট পর্যালোচনার দায়িত্বও পালন করেন।
কট্টর রক্ষণশীল পল রায়ান কর ও ভর্তুকি হ্রাসের সমর্থক। তার এ অবস্থানের কারণে তিনি তৃণমূল রিপাবলিকানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
এদিকে আর দু’সপ্তাহ পরই ফ্লোরিডার টামপায় রিপাবলিকান পার্টির কনভেনশন থেকে মিট রমনিকে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। রিপাবলিকান প্রাইমারিতে তার তীব্র প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম ওই কনভেনশনে স্পিকার হিসেবে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর