টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডোবাইল এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক (২৬) নিহত এবং চারজন আহত হয়েছেন ।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাংলানিউজকে জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ডোবাইল এলাকায় রাসায়নিক ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় পিকআপের চালকসহ উভয় যানবাহনের পাঁচজন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পিকআপের চালক মারা যান। বাকিদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ আরো জানায়, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর