 |
ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের নূন্যতম শেয়ার ধারণ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন নিয়ে দায়ের করা রিটের শুনানি রোববার চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বৃহস্পতিবার বিকেলে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাটনি জেনারেল বলেন, বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা ছিল। হরতালের কারণে বিচারপতিরা আদালতে না আসায় এ শুনানি রোববার হবে।
এর আগে বুধবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাদীপক্ষের দুই আইনজীবীর শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, বুধবার দুটি শুনানি হয়েছে। একটি করেছেন এম ফিদা কামাল এবং অন্যটি করেছেন ড. জহির। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেছেন।
এদিকে ঐ দিন, শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা কোর্ট রুমের সামনে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এবং ড. জহিরের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় তারা আইনজীবীদের কোর্ট রুমে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখেন।
পরে পুলিশ এসে বিনিয়োগকারীদের সরিয়ে নিলে কয়েকজন আইনজীবীর সহায়তায় তারা কোর্টরুম ত্যাগ করেন।
উল্লেখ্য, এসইসি’র একটি প্রজ্ঞাপন নিয়ে গত ৮ এপ্রিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক শেখ আব্দুল মোমিন রিট আবেদন করেন।
ওই রিটের শুনানি শেষে আদালত একটি রুল জারি করে ৪ সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি’র চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে রুলের জবাব দিতে বলেন।
এরপর গত ৮ মে উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একাধিক পরিচালক আরো দুটি রিট করেন হাইকোর্টে।
পরবর্তীতে মামলা দু’টির শুনানি শেষে উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের বিষয়ে এসইসির জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রুল জারি করে শুনানির দিন ধার্য করেন। এ সংক্রান্ত ৩টি রিট মামলার রুলের জবাব ১৮ মের মধ্যে দিতে এসইসিকে নির্দেশ দেন আদালত।
গত বছরের ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা এসইসি শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা পরিচালকের ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এজন্য আগামী ২১ মে পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে যদি তাদের কাছে ২ শতাংশ শেয়ার না থাকে তবে তারা পরিচালক পদ হারাবেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১৭, ২০১২
এসএমএকে/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর