হরিণ ত্যামন কোনও জটিল প্রাণী না
অবশ্য এটা ভাববার কোনও কারণ নেই যে হরিণ সম্পর্কে আমি বিস্তর জানি
বা পড়াশোনা করে খুব জানতে চেয়েছি কোনওকালে
তাই বলে একেবারেই কিছু জানি না, বিষয়টা ত্যামনও নয়
তাহলে বিষয়টা যা দাঁড়ালো তা হলো এরকম যে
হরিণ সম্পর্কে আমি কিছু কিছু জানি আর কিছু কিছু জানি না
মৃত্যু সম্পর্কেও সেরকম— কিছু কিছু মানি আর কিছু কিছু মানি না
যদিও এ বিষয়টার সঙ্গে ত্যামন কোনও সম্পর্ক নেই প্রেমের
তবু এই কথা আমি হলফ করে আঙুল দিয়ে দেখাতে পারি না
যেমন গুঁতো মেরে বেড়ালটাকে তাড়িয়ে দেবার পরও
রাত্রিবেলায় বিছানায় এসে পাশে শুয়ে ক্যামন সুন্দরবনের গন্ধ ছড়ায়
এই গন্ধ মস্তিষ্কে এসে বৈজ্ঞানিক উপায়ে প্রপঞ্চ ছড়ালে
ত্যামন কিছু না ভেবেই আমি অসম্ভব বেড়াল-প্রেমিক হয়ে উঠি
অন্ধকারে বেড়ালকেই হরিণ ভাবি— সোনার হরিণ
আর বেড়ালটি মিউ মিউ করে সন্তাপ সঙ্গীত শোনালে
ওকে ক্ষমা করে দিতে আমিই ঈশ্বর হয়ে উঠি
ঈশ্বর ত্যামন কোনও জটিল প্রাণী না
যদিও ঈশ্বর সম্পর্কে আমি ত্যামন কিছু জানি না
তাই বলে এটা ভাববার কোনও অবকাশ নেই যে,
ঈশ্বর সম্পর্কে আমি একেবারে কিছুই জানি না।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১২