 |
ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ লেনদেনের দিন মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে আগের কার্যদিবস সোমবারের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৩৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ৯৪ পয়েন্ট এবং লেনদেন হয় ৩৭৭ কোটি টাকা। তবে দ্বিতীয় কার্যদিবসে সাধারণ সূচক কমেছে ২৮ পয়েন্ট ও লেনদেন হয় ২৭৮ কোটি টাকা।
মঙ্গলবার সূচক বেড়ে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২২৯ পয়েন্টে, দুপুর সোয়া ১টায় ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৩৮ পয়েন্টে স্থির হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৫৬ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে - ইউনিক হোটেল কোম্পানির মোট লেনদেন হয় ২৬ কোটি ৯০ লাখ ৯ হাজার ৫০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২৫ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৬০০ টাকা, স্কয়ার ফার্মা ১৯ কোটি ৯৭ লাখ ৭ হাজার ২০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ১০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৭০০ টাকা, যমুনা অয়েল ১৮ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা, তিতাস গ্যাস ১৩ লাখ ১৪ লাখ ৫৮ হাজার ২০০ টাকা, সামিট পাওয়ার ১২ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ১২ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা, সায়হাম কটন মিল ১০ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার টাকা এবং কেয়া কসমেটিকস ১০ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ১৬৬ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মদ্যে দাম বেড়েছে ১১৯টি, কমেছে ৪৭টি এবং দাম অপরিবর্তীত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন সিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনিক হোটেল, বাংলাদেশ সাবমেরিন কেবল, লংকা-বাংলা ফিন্যান্স, সায়হাম কটন মিল, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, আরএন স্পিনিং, আমরা টেকনোলজি এবং বেক্সিমকো লিমিটেড।
লেনদেন হয়েছে মোট ৩৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর