কেবল এন্টারটেইনভিত্তিক টিভিচ্যানেল ‘চ্যানেল নাইন’-এর আয়োজনে শিগগিরই শুরু হচ্ছে রিয়েলিটি ‘পাওয়ার ভয়েজ ২০১২’। চ্যানেলনাইন ও পাওয়ার কার্বোনেটেড ড্রিংক যৌথ ভাবে এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা শুরু করছে।
বাংলাদেশের অডিও শিল্পের বর্তমান ক্রান্তিলগ্নে সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক-গায়িকা যোগ করই এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য। একজন সঙ্গীত শিল্পী কীভাবে তার গান আরো নান্দনিকভাবে দর্শকের সামনে উপস্থাপন করবে, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে চ্যানেল নাইন আয়োজন করতে যাচ্ছে এই রিয়্যালিটি শো।
চ্যানেল নাইন সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে একজন পূর্ণাঙ্গ শিল্পীকে। যিনি ভালো গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাতে পারবে, নজরকাড়া ব্যাক্তিত্বের অধিকারী। বিচারকরা এই বিষয়ের উপর জোর দিয়েই ‘পাওয়ার ভয়েজ ২০১২’ নির্বাচন করবেন।
আগ্রহী প্রতিযোগীদের প্রতিযোগীদের বয়সসীমা ১৬ থেকে ২৬। আগামী ২০ জুলাই থেকে ২১ আগষ্ট পর্যন্ত এস এমএসএর মাধ্যমে ‘পাওয়ার ভয়েজ’-এ রেজিস্ট্রেশন চলবে। রেজিস্ট্রেশন করা প্রতিযোগীদের ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট এবং বরিশাল এই ছয়টি বিভাগীয় শহরে অডিশন রাউন্ডে অংশগ্রহন করতে হবে।
‘পাওয়ার ভয়েজ’ -এর বিচারক হিসাবে থাকছেন সংগীত শিল্পী সুবীর নন্দী, চিত্রনায়িকা মৌসুমী এবং সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। মহাগুরু হিসাবে থাকছেন বিখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা।
রুনা লায়লা তার দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতার আলোকে প্রতিযোগীদের প্রশিক্ষণ দিবেন কিভাবে মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে হয়, কিভাবে একজন পূর্ণাঙ্গ সংগীত শিল্পী হয়ে ওঠা সম্ভব। এই রিয়্যালিটি শোর সঞ্চালকের দায়িত্বে থাকছেন আঁখি আলমগীর।
আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ‘পাওয়ার ভয়েজ ২০১২’এই রিয়্যালিটি শো টি দেখতে পাবেন চ্যানেল-নাইনে।
বাংলাদেশ সময় ২০৫৫, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক