রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : স্ত্রীর সঙ্গে অভিমান করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় মঙ্গলবার মধ্যরাতে সবুজ মিয়া (২৪) নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত সবুজ মিয়া কিশোরগঞ্জ জেলার মতিয়া থানার হাজিপুর গ্রামের মেন্দু মিয়ার ছেলে। তিনি স্ত্রী সাবিনা আক্তারকে নিয়ে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মুন্সির বাড়িতে থাকতেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম আহাম্মেদ বাংলানিউজকে জানান, সবুজ মিয়া ও সাবিনা আক্তার স্থানীয় রবিনটেক্স ও হারবেষ্ট রিচ গার্মেন্টস নামে দুটি পোশাক কারখানায় গত ৩ মাস যাবৎ কাজ করে আসছিলেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়ার সৃষ্টি হতো।
রাত ১১টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে সবুজ মিয়া ও সাবিনা আক্তারের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এতে অভিমান করে সবুজ মিয়া ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এসআই সেলিম আহাম্মেদ।
বাংলাদেশ সময় : ০৮০২ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সাইফুল ইসলাম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর