ঢাকা: রাজধানীর শ্যামপুরে মারামারি দেখতে গিয়ে রবিউর রহমান (সানি) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টায় শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানির বাবার নাম রাশেদুল ইসলাম। তিনি পেশায় ভ্যানচালক। সানি মির হাজীরবাগ এলাকার আবুহাজী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
নিহত সানির বাবা রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, বাড়ির পাশে দুপক্ষের মারামারি চলছিল। এ সময় সানি বাসা থেকে বের হয়ে বাস্তার পাশে দাড়িয়ে তা দেখার সময় তাকে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মারামারির সময় এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জুন ৩০, ২০১২
এএমএস
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর।