মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকমল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপিকর্মী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১০ টায় গাংনী হাসপাতাল বাজার থেকে নজরুল ইসলামকে থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্রের নেতৃত্বে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
এসআই নারায়ণ চন্দ্র বাংলানিউজকে জানান, আটক নজরুল ইসলাম আওয়ামী লীগ নেতা আকমল হত্যা মামলার আসামি। একই মামলায় আটক নজরুলের বাবা রেজাউল হক ও ভাইকে আসামি করা হয়েছে। আকমল হোসেন হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এই প্রথম কাউকে আটক করা হলো।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চৌগাছা ভিটাপড়া নামক স্থানে গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ১ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর