বলিউড চলতি সপ্তাহে মুক্তি পাওয়া নতুন ছবি ‘বোল বচ্চন’। রোহিত শেঠি পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছে গত ৬ জুলাই। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও অভিষেক বচ্চন। ‘বোল বচ্চন’ ছবিটির প্রচারণার উদ্দেশ্যে সম্প্রতি এক প্রেস কনফারেন্সে পরিচালক রোহিত শেঠি অনেকটা অপ্রাসঙ্গিকভাবেই আমির খানকে ধন্যবাদ জানান। আমির খানের উদ্দেশ্যে পরিচালককের এই ধন্যবাদে জ্ঞাপনে অনেকেই অবাক হন।
কারণ ছবিটিতে মুহূর্তর জন্যও আমির খান অভিনয় করেন নি। তবে কী রোহিত শেঠি মুখ ফসকে ভুল করে আমির খানের নাম বলে ফেলেছেন?
মোটেও তা নয়। রোহিত শেঠি এই রহস্যের জট খুলেছেন সাথে সাথেই। ছবিটিতে আমির খানের বিশেষ অবদানের কথা জানিয়ে তিনি বলেন,‘এ ছবিতে অভিষেকের ইমেজ দাঁড় করানোর জন্য একটি পারফেক্ট মিউজিক খুব দরকার ছিল। অনেক যাচাই-বাছাইয়ের পর মনে হলো এখানে আমির খানের ‘দিলি বেলি’ ছবির ডিকে বোস গানটি হলো পারফেক্ট। এই গানটিই ছবিতে ব্যবহার করা হয়েছে।
রোহিত শেঠি বলেন, যেকোন গানই কপিরাইট করা থাকে, তাই এটি ব্যবহারের জন্য রয়ালিটি প্রদান করাটাই নিয়ম। মিউজিক কোম্পানীগুলোর কাছেই সাধারণত থাকে গানের স্বত্ব। কিন্তু এই গানটির কপিরাইট বা স্বত্ব ছিল আমির খানের কাছে। আমরা যখন গানটি ব্যবহারের জন্য আমির খানের কাছে অনুমতি চাই, তিনি তখন সঙ্গে সঙ্গেই অনুমতি দিয়ে দেন। গানটি ব্যবহারের জন্য রয়ালিটি বাবদ অর্থ প্রদান করতে চাইলে আমির খান তা নিতে অস্বীকৃতি জানান। তাই এ ছবিতে আমির খানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ব্যয় বহুল ডিকে বোস গানটি ‘বোল বচ্চন’ ছবিতে অমিতাভ বচ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমির খান অভিষেকের ব্যবহারের জন্য কোনো রয়ালিটি ছাড়াই স্বত্ব প্রদান করেন। অভিষেকের জন্য এ গানটি হলো আমির খানের উপহার।
বাংলাদেশ সময় ১৫১৪, জুলাই ১০, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।