 |
ঠাকুরগাঁও: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মনে প্রধানমন্ত্রীর ঠাঁই নেই। তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
শুক্রবার বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গড়েয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) শাখা বিএনপি আয়োজিত গণসংযোগ ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সরকারকে দুর্নীতি ও লুটপাটের সরকার আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাংকের কাছে পদ্মাসেতু নির্মাণের আগেই মন্ত্রীরা ঘুষ চেয়েছিলেন। তাই তারা কাজ বন্ধ করে দিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সরকার বাসে আগুন ধরিয়ে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
গড়েয়া ইউপি শাখা বিএনপির সভাপতি রেজওয়ানুল হক শাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কানপুখুরী ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান/রোকনুর ইসলাম কাফী, নিউজরুম এডিটর