পাটগ্রাম(লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে উদ্ধার হওয়া শক্তিশালী তাজা গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে।
শনিবার দুপুর ১টায় পৌরসভার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে রংপুর সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ টিম এটি নিষ্ক্রিয় করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বাংলানিউজকে বলেন, ‘সেনাবাহিনীর ক্যাপ্টেন পূর্ণিমা ও সেকেন্ড লেফটেন্যান্ট নাদিরার নেতৃত্বে একটি বোমা বিশেষজ্ঞ টিম শনিবার দুপুরে পাটগ্রাম স্টেডিয়াম মাঠে গ্রেনেডটি মাটিতে পুতে ডেকুনেটর লাইন সংযোগের মাধ্যমে আগুন ধরিয়ে দিয়ে এটি নিষ্ক্রিয় করে।’
এ সময় গ্রেনেডের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটাছুটি করতে থাকে। তবে এটি লক করা অবস্থায় তাজা ছিল বলে সেনাবাহিনীর ওই বিশেষজ্ঞ টিম জানায়।
বুড়িমারী বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, গত বুধবার উপজেলার বামনদল সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের সাবপিলার-৫ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা গ্রেনেড উদ্ধার করে পাটগ্রাম থানার পুলিশ ও বুড়িমারী বিজিবির সদস্যরা।
এটি ভারতের তৈরি সাদা প্লাষ্টিকের কভার দিয়ে মোড়ানো ছিল। এর দৈর্ঘ্য ৪ ইঞ্চি ও প্রস্থ্য দেড় ইঞ্চি। এতে লেখা ছিল ‘ওয়ারনিং এ্যাস্টান গ্রেনেড’।
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, ১০ জুন, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর