 |
দেশের প্রথমসারির নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট নতুন নাট্যকর্মী নিচ্ছে । যারা নিয়মিত থিয়েটার করতে চানা তারা যোগাযোগ করতে পারেন।
নাট্যকর্মী সংগ্রহ প্রসঙ্গে থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়কারী ড. মোহাম্মদ বারী বাংলানিউজকে বলেন, থিয়েটার সব সময় তরুনদের মাঝে বেঁচে থাকে। তাই আমরা প্রতি বছর নাট্যকর্মী সংগ্রহের মধ্য দিয়ে তরুণদের থিয়েটারের সাথে সম্পৃক্ত করতে চাই। আমরা থিয়েটার আর্ট ইউনিটকে তারণ্য নির্ভর দল হিসেবে দেখতে চাই। এস এম সোলায়মান কিছু তরুন নাট্যকর্মী নিয়ে থিয়েটার আর্ট ইউনিটের নাট্য কার্যক্রম শুরু করেছিল। সেই তরুণরাই থিয়েটার আর্ট ইউনিটকে দেশের প্রথম সারির নাট্যদল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই থিয়েটার আর্ট ইউনিটের এগিয়ে চলায় আমরা সব সময় তরুনদের সম্পৃক্ততা চাই।
থিয়েটার আর্ট ইউনিটের এ দল প্রধান রোকেয়া রফিক বেবী বাংলা নিউজকে বলেন, থিয়েটার আর্ট ইউনিট দায়বদ্ধ মানুষ ও শিল্পর কাছে। মানব জীবনের অফুরন্ত সম্ভাবনা আর বিকাশমান সভ্যতাই থিয়েটারের বাহন- এ রকম বিশ্বাস আমাদের। সত্য, সুন্দর ও কল্যানের আহ্বানে থিয়েটার আর্ট ইউনিটের সকল শিল্পকর্মের আয়োজন তাই মানবিক। এই আদর্শকে ধারন করেই বাংলাদেশের নাট্যচর্চায় থিয়েটার আর্ট ইউনিটের ২০ বছরের পথ চলা। থিয়েটার আর্ট ইউনিট মানুষকে যুক্ত করতে চাই। মানুষের মাঝে শিল্পকে সাজাতে চাই।
থিয়েটার আর্ট ইউনিট ২০ বছরের নাট্যচর্চায় বেশ কিছু পথ নাটকসহ প্রায় ১৬ টি মঞ্চ নাটক ঢাকার মঞ্চে প্রদর্শন করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোর্ট মার্শাল, আমিনা সুন্দরী, গোলাপজান, সময়ের প্রয়োজনে, শেষের কবিতা, মগজ সমাচার, বার্থ ফ্যান্টাসী, তৃনপর্ণে শালমঞ্জুরী, খ্যাপা পাগলার প্যাচাল অন্যতম। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন নাট্য কর্মকান্ডে নিয়মিতই অংশগ্রহন করছে। আবার নিজেরাও দেশ বিদেশের নাট্য দল নিয়ে আয়োজন করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক নাট্য উৎসব।
দলসূত্রে জানা গেছে আবেদন ফরম পাওয়া যাবে থিয়েটার কর্ণার (বেইলী রোড), বিদিত (অজিজ সুপার মার্কেট) এবং চিলেকোঠা (জাতীয় নাট্যশালা)। আবেদন করার শেষ তারিখ ১৩ জুন ২০১২। বিস্তারিত জানতে ফোন করতে হবে ০১৭১৭৮০৪০৫৭ এই নম্বরে। আবেদনকারীদেরকে নাট্য কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দলের নিয়মিত কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হবে।
বাংলাদেশ সময় ১৭৪৫, জুন ১১, ২০১২
সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর