 |
ঢাকা: মিসরের চলমান রাজনৈতিক সঙ্কট এবং অনিশ্চয়তা আরেক দফা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার কথা থাকলেও এখন তা স্থগিত করা হয়েছে।
তিন দশকের বেশি সময় পর যখন মিসরীয়রা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট পেতে যাচ্ছে। সে মুহূর্তে সুপ্রিমকোর্টের আদেশে পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করার প্রেক্ষিতে চলমান রাজনৈতিক সঙ্কট বিপ্লব পরবর্তী মিসরের গণতান্ত্রিক উত্তরণের পথে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এ ঘোষণায় রাজনৈতিক সঙ্কট আরো ঘণীভূত হওয়ার আশঙ্কা দেখা দিল।
এর মধ্যে গত বুধবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের পরস্পর বিরোধী খবর মিসরের চলমান পরিস্থিতিতে আরো অনিশ্চয়তা এবং বিভ্রান্তি যোগ করেছে।
এখন আবার মিসরের নির্বাচন কমিশন নিশ্চিত করে বলতে পারছে না তারা ঠিক কবে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারবে। কমিশনের মহাসচিব হাতেম বেগাতো রাষ্ট্রীয় সংবাদপত্র আল আহরামকে বলেছেন, আগামী শনিবার অথবা রোববার ফলাফল ঘোষণা করা হতে পারে।
কমিশন বলেছে, ভোট জালিয়াতির ৪শ’ অভিযোগ কমিশনে জমা পড়েছে। যেখানে শফিকের পক্ষ থেকেই ২৭টি প্রদেশ থেকে ১৪টি জালিয়াতির অভিযোগ এসেছে। বিচারকে একটি প্যানেল এগুলো যাচাই করে দেখবেন। একারণে নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
দ্বিতীয় দফার দুই প্রতিদ্বন্দ্বী মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি এবং মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক দু’জনেই নিজেকে বিজয়ী দাবি করেছেন।
মুরসি দাবি করেন, বেসরকারি ফলাফলে তিনি ৫২ শতাংশ ভোট পেয়েছেন। আর শফিকের দাবি, তিনি ৫১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে, মিসরে মোবারকের প্রেতাত্মা সামরিক সুপ্রিম কাউন্সিল এবং জেনারেলরা আবারো শাসনযন্ত্রে জেঁকে বসছে। তারা প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করেছে। পার্লামেন্ট ভেঙে দিয়েছে। সেই সঙ্গে নতুন সংবিধান রচনার আগে পুনরায় পার্লামেন্ট নির্বাচন না করার ঘোষণা দিয়েছে।
ফেব্রুয়ারির রক্তঝরা বিপ্লব ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে সেনা বাহিনী। এর প্রতিবাদে বুধবার মুসলিম ব্রাদারহুডের সমর্থক এবং গণতন্ত্রপন্থি সেক্যুলার বিপ্লবীরা ঐতিহাসিক তাহরির স্কয়ারে জড়ো হয়। কয়েক হাজার মানুষ রাতে তাঁবু টানিয়ে সেখানে অবস্থান করে।
গত বছর এ স্থান থেকেই মোবারককে উচ্ছেদ করে বিপ্লবীরা। এখন সেখান থেকেই তারা ক্ষমতা আঁকড়ে থাকা সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর