ভোলা: ভোলার মেঘনা নদীর মেদুয়া সীমানায় শনিবার ভোর ৫টার দিকে একদল ডাকাত জেলেদের ট্রলারে হামলা চালিয়ে একটি ট্রলার ও মাছসহ মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।
এ সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে ৫ জেলে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, লোকমান মাঝি (৩০), সালাউদ্দিন (২৮), মনির (৩২), জামাল (৩০) ও জব্বার (২৯)।
ইলিশা বিশ্ব রোডের জেলে ইমরান মাঝি বাংলানিউজকে জানান, ভোলার মেঘনা নদীর মেদুয়া সীমানায় লোকমান মাঝি ট্রলার নিয়ে নদীতে মাছ ধরছিলেন। এ সময় ১০/১২ জনের একদল ডাকাত জেলেদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের পিটিয়ে জাল, মাছ ও ট্রলার ছিনিয়ে নিয়ে যায়।
এতে ৫ জেলে আহত হয়। এ ঘটনার পর থেকে জেলেদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বরকত বাংলানিউজকে বলেন, ডাকাতির কথা কেউ আমাদের এখনও জানায়নি।
বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ১০ জুন, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর