প্যারিস: নিজেকে হারিয়ে খুঁজছিলেন মারিয়া শারাপোভা। মৌসুমে কোর্টে ঝড় তুলেও সাফল্যের মুখ দেখেনি। সবকিছু পেছনে ফেলে ফ্রেঞ্চ ওপেনে স্বরূপে ফিরেছেন রাশিয়ান তারকা। ইতালির সারা এরানিকে হারিয়ে রোলাঁ গারোর শিরোপা জেতার পাশাপাশি ফের বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে ফিরেছেন তিনি।
এ জয়ের মাধ্যমের গ্র্যান্ড স্ল্যাম চক্র পূর্ণ করেছেন শারাপোভা। ২০০৪ সালে উইম্বলডন, একই বছর ইউএস ওপেন এবং ২০০৮ সালে চ্যাম্পিয়ন হন অস্ট্রেলিয়ান ওপেনে। এছাড়া ক্যারিয়ারে ২৬টি ডব্লউটিএ একক শিরোপা জিতেছেন ২৫ বছর বয়সী এই টেনিস তারকা।
প্রতিযোগিতার ফাইনালে শারাপোভার কাছে পাত্তাই পাননি এরানি। ইতালিয়ান এই টেনিস তারকার বিপক্ষে জিততে শারাপোভা সময় নেন দেড় ঘণ্টা। প্রথম সেটে ৬-৩ গেমে জেতেন রুশ সুন্দরী। দ্বিতীয় ও শেষ সেটে এরানিকে ৬-২ গেমে হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম চক্র পূর্ণ করেন শারাপোভা।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর