 |
ঢাকা: অন্ধ ভালোবাসা ও স্বজনপ্রীতির অনন্য নজির স্থাপন করলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের একজন ফার্স্ট অফিসারের জন্য তিনি বিমানের বিদ্যমান আইন ও নিয়মও বদলে ফেললেন।
বিমানের ফার্স্ট অফিসার শামীম নজরুলের প্রতি জামাল উদ্দিনের ভালোবাসা এতটাই তীব্র যে তার জন্য বিমানের ৪১ বছরের আইন ভাঙতেও কুণ্ঠাবোধ করেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানের সব নিয়ম ভেঙে ফার্স্ট অফিসার শামীম নজরুলকে ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি হিসেবে নিয়োগ দেওয়া হয় ২০০৯ সালের ১২ অক্টোবরে। ক্যাপ্টেন ফজলে রাব্বীকে সরিয়ে ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি করা হয় শামীম নজরুলকে। নিয়মানুযায়ী একজন ক্যাপ্টেন ছাড়া কেউ এই পদে নিয়োগ পেতে পারেন না। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি এই আইনে চলছে ৪১ বছর ধরে। বিমানের অপারেশনাল ম্যানুয়ালে স্পষ্ট উল্লেখ আছে, এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হবেন একজন ক্যাপ্টেন।
কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নজরুলকে স্বপদে বহাল রাখা হয়। শুধু বিমানেরই নয়, এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির (আইকাও) আইনেরও লঙ্ঘন। বিষয়টি জানাজানির পর এ নিয়ে বিমানের বৈমানিকরা এর তীব্র প্রতিবাদ জানান। এক পর্যায়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ক্যাপ্টেন ফজলে রাব্বীকে কাজ চালিয়ে যেতে বলা হয়।
ক্যাপ্টেন মেহেদী হাসানকে সরিয়ে এবার শামীম নজরুলকে নিয়োগ দেওয়া হয় বিমানের ডেপুটি চিফ অব ট্রেনিং হিসেবে। এই পদে নিয়োগ পেতে হলেও বিমানের অপারেশনাল ম্যানুয়াল অনুযায়ী একজন ব্যক্তিকে ক্যাপ্টেন হতে হয়। এবারও ব্যতিক্রম। তবে যাতে বিমানের বৈমানিকদের প্রতিবাদের মুখে পড়তে না হয়, সেজন্য তিনি অপারেশনাল ম্যানুয়ালে পরিবর্তন আনেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে জামাল উদ্দিন এই পদে নিয়োগ পাওয়া ব্যক্তি একজন ফার্স্ট অফিসারও হতে পারবেন মর্মে পরিবর্তন আনা হয়।
শামীম নজরুলকে নিয়ে নিয়ম ভাঙার খেলায় জামাল উদ্দিন এখানেই থেকে থাকেননি। যারা বোয়িং ৭৭৭ এর বৈমানিক হিসেবে কাজ করবেন, তারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন না। কিন্তু নজরুলের ক্ষেত্রে এসব নিয়ম প্রযোজ্য হয়নি। তিনি ডেপুটি চিফ অব ট্রেনিং পদে বহাল তবিয়তে রয়েছেন। অন্যদিকে বোয়িং ৭৭৭ এর বৈমানিক হিসেবে কাজ চালাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জামাল উদ্দিন আহমেদ বিমান বাহিনীতে থাকা অবস্থায়ই শামীম নজরুলের সঙ্গে তার সখ্যতা। বিমান বাহিনীতে থাকা অবস্থাতেই জামাল উদ্দিনের একজন আস্থাভাজন হয়ে ওঠেন নজরুল। আর এর প্রতিদান পাওয়া শুরু করেন বিমানের বৈমানিক হিসেবে।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
আইএইচ/ সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com