রাজবাড়ী: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আহুত ১১ জুনের মহাসমাবেশের মধ্য দিয়ে বর্তমান মহাজোট সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাছির উদ্দিন।
শনিবার সন্ধ্যায় রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা চত্ত্বরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা, হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে এরং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মীর নাছির আরও বলেন, এ সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ কখনই তা মেনে নেবেনা। খুন আর গুম ছাড়া হাসিনার সরকার আর কিছুই দিতে পারেনি।
বর্তমান সরকার এ দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগ সরকারকে চায়না। দেশের মানুষ এ দুঃশাসনের অবসান চায় বলেও মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শামছুল আলম প্রামাণিক, সাবেক সংসদ সদস্য নাসিরলি হক সাবু, কেন্দীয় যুবদল নেতা মাহবুবুল হোসেন পিংকু, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারন-অর রশিদ, আফসার সরদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘন্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর