 |
ঢাকা: সরেই যেতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক শরীফ এনামুল কবীরকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার অনুসারী কয়েকজন শিক্ষককে নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেও শেষ রক্ষা হচ্ছে না। ভিসি পদ ছাড়তেই হচ্ছে তাকে। তবে পরবর্তীতে দায়িত্বশীল কোন পদে দায়িত্ব পাওয়ার প্রতিশ্রুতি তিনি পেয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, শরীফ এনমুল কবীরকে এখনই কিছু বলেননি প্রধানমন্ত্রী। কারণ, প্রধানমন্ত্রী নন, উপাচার্য হিসেবে জাবি ভিসিকে পদত্যাগের নির্দেশ বা পরামর্শ দেবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
এদিকে প্রধানমন্ত্রীরে সঙ্গে সাক্ষাতের পর জাবি ভিসি ‘খুশি মনে বাড়ি যাচ্ছি’ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেও প্রধানমন্ত্রী জাবি ক্যাম্পাসে চলমান সহিংস পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে জানা গেছে।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাবি ভিসি এও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এর আচার্য মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন তা মাথা পেতে নেবো।’
এর আগে ভিসি’র পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থা নিরসনে উদ্যোগ নেবেন বলে শিক্ষক প্রতিনিধিদলকে আশ্বাস দেন ।
প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষকরা।
শরীফ এনামুল কবীরের পদত্যাগের বিষয়টি তখনই ফায়সালা হয়ে যায় বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাবি ভিসি
খুশি মনে বাড়ি যাচ্ছি
প্রধানমন্ত্রীর আশ্বাসে জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, মে ৩, ২০১২
এসকে/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর