পাবনা: পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম আলী মৃধাকে (৪৫) মঙ্গলবার সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে এমন গুজবে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।
ইউপি চেয়ারম্যানের বড় ছেলে রাজা মৃধা বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদা পোশাকে অস্ত্রধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেয়ারম্যানকে আটকের উদ্দেশ্যে হরিনারায়নপুর গ্রামে তার বাড়ি ঘেরাও করে।
এক পর্যায়ে বাড়িতে তল্লাশি চালানোর সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের মারপিট করে বাড়ি তছনছ করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
এর আগে বিষয়টি টের পেয়ে চেয়ারম্যান ইব্রাহিম মৃধা বাড়ি থেকে অন্যত্র সড়ে পড়েন।
এদিকে চেয়ারম্যানকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে এ গুজব ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে গ্রামের শত শত লোকজন বিক্ষুব্ধ হয়ে লাঠিশোঠা নিয়ে রাস্তায় নেমে আসেন।
বিক্ষুব্ধ জনতা গয়েশপুর (বাগচিপাড়া) বাজার এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে এবং টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানযটের সৃষ্টি হয়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন ছোটোছুটি শুরু করে। সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন, গয়েশপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোতাই।
খবর পেয়ে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে আটক করা হয়নি এমন আশ্বাস দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন পিপিএম বাংলানিউজকে জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইব্রাহিম চেয়ারম্যানকে আটক করেনি এবং আগামীতে তাকে হয়রানি করা হবেনা এমন আশ্বাস দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
প্রতিবেদন: শাহীন রহমান / সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর