 |
লন্ডন: অ্যালেস্টার কুকের চোখধাঁধানো শতকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে ইংলিশরা আট উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
ওয়েস্ট ইন্ডিস ইনিংস: ২৩৮/৯ (ওভার ৫০)
ইংল্যান্ড ইনিংস: ২৩৯/২ (ওভার ৪৫)
ফল: ইংল্যান্ড আট উইকেটে জয়ী
দীর্ঘ ১৫ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন ক্রিস গেইল। বোর্ডের সঙ্গে ঝামেলার অবসান হওয়ায় নির্ভার ছিলেন বাঁহাতি ক্রিকেটার। দলের বাইরে থাকলেও মরচে পড়েনি ব্যাটে। উদ্বোধনী জুটিতে নিজের স্বাভাবিক খেলা খেলেছেন। গ্রায়েম সোয়ানের বলে আউট হওয়ার আগে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৩ রান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার।
গেইলের বিদায়ের পর সুবিধা করতে পারেনি ক্যারিবীয় টপ-অর্ডাররা। ব্যক্তিগত ১২ রানে রান-আউট হন লেন্ডি সিমন্স। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ। নিজের নামের পাশে ১৩ রান যোগ করে স্মিথের সঙ্গী হন মারলন স্যামুয়েলস।
তবে ডোয়াইন ব্রাভোর ৭৭ ও কিয়েরন পোলার্ডের ৪১ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। শেষপর্যন্ত নয় উইকেটে ২৩৮ রান করে ক্যারিবীয়রা। দুই উইকেট শিকার করেন জেমস অ্যান্ডারসন।
জবাবে দুই উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছায় ইংল্যান্ড। ক্যারিবীয় বোলাদের ওপর তান্ডব চালান কুক। সাজঘরে ফেরার আগে ১১২ রান করেন ইংলিশ অধিনায়ক। তার বিদায়ে জয় পেতে সমস্যা হয়নি ইংল্যান্ডের। ইয়ান বেলের ৫৩ ও রবি বোপারার হার না মানা ৪৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ২০, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস