 |
নৃত্যে বিশেষ পারদর্শী চলচ্চিত্রাভিনেত্রী নাসরীন সম্প্রতি বিয়ে করেছেন। তার বিয়ে করার ঘটনায় চমকে উঠেছেন অনেকে। কারণ তিনি যে এতোটা বয়স পর্যন্ত অবিবাহিত আছেন, তা ছিল অনেকেরই অজানা। একুশে টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিডিয়া গসিপ’-এর হটসিটে এবার অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী নাসরিন ও তার স্বামী রিয়েল খান।
উপস্থাপক তানভীর তারেকের নানা প্রশ্নের উত্তর খোলামেলা ভঙ্গিতেই দিয়েছেন নাসরীন। অকপটে তিনি বলেন, শাবনূরের কারণেই তার বিয়ে করতে দেরি হয়েছে। নাসরীন আরো বলেছেন, পার্শ্বচরিত্রে অভিনয় করার সমস্যা ও বেদনার কথা। পাশাপাশি তার বিয়েতে যাদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন তাদেরকেই পাশে পাননি, সেই আক্ষেপের কথাও জানিয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি সম্পর্কে নাসরীন মন্তব্য হলো, এটি এখন একটি কলুষিত সংগঠন।
অনুষ্ঠানে রিয়েল খান বলেছেন, কেনো তিনি নাসরীনকে পছন্দ করেছেন? স্ত্রীর দোষগুণ নিয়েও তিনি খোলামেলা কথা বলেছেন।
টিআরপি রেটিংয়ে একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘মিডিয়া গসিপ’ প্রচারিত হবে ৩ জুন রাত ১০টা ১০ মিনিটে। তানভীর তারেকের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন।
বাংলাদেশ সময় ১৭৩০, জুন ০২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক