ঢাকা: গ্রামীনফোন প্রিমিয়ার লিগ ফুটবলে ২৫ এপ্রিলের ব্রাদাস-রহমতগঞ্জ ম্যাচটির সবদিক খতিয়ে দেখছে পাতানো ম্যাচ সনাক্তকরণ বিশেষ কমিটি। ৩ জুলাই বাফুফে নতুন কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভার আগেই পেশাদার লিগ কমিটির কাছে তদন্ত রিপোর্ট জমা দেবেন তারা।
পাতানো ম্যাচ সনাক্তকরণ বিশেষ কমিটির প্রধান হুমায়ুন খালিদ বলেন, ‘আমরা দু’একদিনের মধ্যেই বসবো ব্যাপারটি নিয়ে। ফুটবল বিশেষজ্ঞের অভিমত জেনে আমাদের সিদ্ধান্তে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না।’ এরই মধ্যে তাদের কাজও গুছিয়ে এনেছেন বলে জানান খালিদ।
এদিকে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ কমিটির কাছে শনিবার নিজের প্রতিবেদন জমা দেবেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর বিএ জোবায়ের নিপু। ম্যাচটার ভাগ্য তার অভিমতের উপরও অনেক খানি নির্ভর করছে। বেশ ক’জন কোচকে সঙ্গে নিয়ে ম্যাচের ভিডিও ফুটেজ দেখেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে প্রাথমিক ভাবে চারটি গোলের তিনটিকে সন্দেহজনক মনে হয়েছে। তবে সবদিক খতিয়ে দেখার পরই আমার মতামত জানাবো।’
২৫ এপ্রিল বাফুফে নির্বাচনের আগে রেলিগেশনের শঙ্কায় থাকা রহমতগঞ্জের কাছে ৪-০ গোলে ব্রাদার্সের হারের পরই ম্যাচটি পাতানো বলে অভিযোগ ওঠে। রহমতগঞ্জ-ব্রাদার্স ম্যাচের পাশাপাশি শেখ জামাল-ব্রাদার্স ম্যাচও সন্দেহের তালিকায় আছে। ২৬ জুন অনুষ্ঠিত ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোপীবাগের ক্লাবটি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর