বরিশাল: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণিতে নামিয়ে আনার প্রতিবাদে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নগরীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুর করেন।
একপর্যায়ে তারা নগরীর বটতলা থেকে শুরু করে হাতেম আলী কলেজ পর্যন্ত বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়িতে ভাঙচুর চালান।
পরে হাতেম আলী কলেজ চৌমাথায় আগুন জ্বালিয়ে তারা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ, ছাত্রলীগ ও জনতা যৌথভাবে শিক্ষার্থীদের ধাওয়া করলে উভয়ের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ পলিটেকনিক ইনস্টিটিউটের ২৪ জন শিক্ষার্থীকে আটক করে।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বটতলা এলাকায় আসেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে যাওয়ার সময় পুলিশ এক শিক্ষার্থীকে আটক করে। এতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পুলিশের কাছ থেকে আটক শিক্ষার্থীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং তারা বিক্ষুদ্ধ হয়ে ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে সামনে যা পেয়েছে, তাই-ই ভাঙচুর করেন।
এবিষয়ে পুলিশ জানায়, বিক্ষোভকারীরা বটতলা বাজার এলাকায় ৩টি ম্যাজিক গাড়ি, শাইনপুকুর ও ওয়ালটনের একটি শোরুমে, মিল্কভিটার পিকআপ ভ্যান, আলফা টেম্পু, একটি প্রাইভেটকার, জয়ফিয়া প্লাজায় ইটপাটকেল নিক্ষেপ এবং পিটিয়ে ভাঙচুর করেন।
পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে তারা ঝিনাইদহ থেকে চাল নিয়ে আসা ট্রাক ও ঢাকা থেকে আসা যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে ব্যাপক ভাঙচুর করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মতিয়ার রহমান জানান, পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া করলে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
তখন পুলিশ এক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে জনতা মিলে শিক্ষার্থীদের ধাওয়া করে ২৪ জন শিক্ষার্থীকে আটক করে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এ প্রসঙ্গে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মোশারেফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিষেধ করেছি। তারা নিষেধ উপেক্ষা করে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করা হবে। বাইরের ঘটনায় প্রশাসন ব্যবস্থা নেবে।’
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর