পটুয়াখালীঃ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
তবে কোন ধরণের এবং কি মামলা তাৎক্ষনিকভাবে তা তিনি জানাতে পারেননি। তবে সদর থানার (ওসি) তদন্ত মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, একটি মামলায়ে তদন্তসাপেক্ষে আসামী হিসেবে চিহ্নিত হওয়ার পরে সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে পটুয়াখালীর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, নাশকতামূলক কর্মকান্ড তৈরি করতে পারে এমন অভিযোগের ভিত্তিতে এবং উপরের নির্দেশে সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সোহাগ জেলার গলাচিপা উপজেলার চর চন্দ্রাইল এলাকার মো. মেজবাহ উদ্দিন মিয়ার ছেলে এবং সে গত প্রায় ২বছর ধরে পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন বলেও গোয়েন্দা পুলিশ জানিয়য়ছে।
গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা।
বাংলাদেশ সময়ঃ ০৪১০ ঘন্টা, জুন ২৭, ২০১২
জাকারিয়া হৃদয়/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর