 |
ওয়ারশ: কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে বলের নিয়ন্ত্রণ ছিলো স্পেনের। তাদের ছন্দময় পাসিং ফুটবলের কাছে হেরেছে ফরাসিরা। শিষ্যদের এমন পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক।
জয় পাওয়ার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেল বস্ক, ‘সত্যি বলতে কি, দারুণ খেলার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো আমাদের হাতে।’
দারুণ পারফর্ম করেছে ডিফেন্ডাররাও। জেরার্ড পিকে ও সার্জিও রামোসরা ব্যবধান কমানোর সুযোগ দেননি ফ্রান্সের ফরোয়ার্ড করিম বেনজেমা ও ফ্রাঙ্ক রিবেরিদের। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও বেশ কয়েকবার হতাশ করেছেন ফরাসি আক্রমণ ভাগকে।
ডিফেন্ডারদের পাশাপাশি ইকার ক্যাসিয়াসের পারফরমেন্সেও খুশি দেল বস্ক, ‘যেকোনো কিছুর জন্য নিজেকে উজার করে দেয় ক্যাসিয়াস। ডিফেন্ডাররা ধারাবাহিক ভালো করলে শিরোপার কাছাকাছি চলে যাবো আমরা। তারা ছন্দে থাকলে সবসময় সুযোগ সৃষ্টি হবে বৈকি।’
জাতীয় দলের হয়ে নিজের শততম ম্যাচটি চিরস্মরণীয় হয়ে থাকবে জাবি আলনসোর জন্য। দুই গোল করে তিনিই দলকে পৌঁছে দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার সম্পর্কে দেল বস্ক, ‘স্পেন দলে আমার কোচিং ক্যারিয়ারে আলোনসো একমাত্র খেলোয়াড় যে প্রায়ই গোল করে।’
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর