 |
ত্রিপোলি: লন্ডন অলিম্পিক গেমসে লিবিয়ার নতুন পতাকা উড়াতে চান দেশটির খেলোয়াড়রা। কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছেন লিবিয়া অলিম্পিক কমিটির প্রধান অপহৃত হওয়ায় ২৭ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির নতুন পতাকা উড়াতে গিয়ে বাধার সম্মুখীন হতে পারেন।
গত রোববার ত্রিপোলিতে বন্দুকধারীরা অপহরণ করে দেশটির অলিম্পিক কমিটির প্রধান নাবিল আল আলমকে। তার সহকর্মীদের ধারণা মুয়াম্মার গাদ্দাফির অনুগত মিলিশিয়ারা অপহৃত করেছে নাবিলকে। যাতে করে অলিম্পিক গেমসে সবুজ পতাকার পরিবর্তে অন্তর্বর্তী সরকারের তৈরি লাল, কালো ও সবুজ রঙের মিশেল নতুন পতাকা প্রদর্শন করতে না পারে।
প্রতিনিধি দলের প্রধান ড. হাফেড গ্রিটলি বলেন, ‘আমরা আমাদের প্রত্যেক অ্যাথলিটদের লন্ডন আসার জন্য রাজি করাতে সমর্থ হয়েছি। আমরা অপরাধীদের কঠিন বার্তা দিতে যাচ্ছি, তারা যাই করুক প্রতিযোগিতায় যোগ দেবো আমরা। নতুন পতাকা নিয়ে লন্ডনে কুচকাওয়াজ করতে যাচ্ছি আমরা।’
প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লিবিয়ার পাঁচজন অ্যাথলিট। তাদের মধ্যে ম্যারাথন রানার, স্প্রিন্টার, সাঁতার, ভারত্তোলন ও জুডোতে একজন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার দেশটির রাজধানী ত্রিপোলি থেকে লন্ডনের অ্যাথলিট ভিলেজে পৌঁছাবেন প্রতিযোগীরা।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান