শুরু হলো প্রমিথিউস ব্যান্ডের প্রমিথিউস টিউবের কার্যক্রম। এ টিউবের মধ্য দিয়ে বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে কোনো অনুষ্ঠান সরাসরি প্রচার করা যাবে। শুধু তাই নয়, এ সাইটটির মধ্যদিয়ে একসঙ্গে একাধিক মানুষের সঙ্গে ভিডিও চেটিংও করা যাবে।
এ প্রসঙ্গে প্রমিথিউসের ভোকাল কণ্ঠশিল্পী বিপ্লব বলেন, ‘আমরা ইউ টিউবের কথা জানি, যেখানে শুধু ভিডিও গান দেখা কিংবা ডাউনলোড করা যায়। কিন্তু www.prometheustube.com এমন একটি সাইট যেখানে আপনাকে কোনো প্রকার লগ ইন করতে হবে না। সারাসরি এ ঠিকানা দিয়ে ওই সাইটে ঢুকে যেতে পারবেন।
এ সাইটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো অনুষ্ঠান প্রচার করতে আমরা সক্ষম। তা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষ দেখতে পারবে। কিছুদিন আগে এর পরীক্ষামূলক সম্প্রচারও আমরা করেছি। আগামী শনিবার ফ্যান্টাসি কিংডম থেকে একটি অনুষ্ঠান সরাসরি প্রচার করতে যাচ্ছি আমরা।’
তিনি আরও জানান যদি কোনো শিল্পী চায় তার কোনো লাইভ অনুষ্ঠান এ টিউবে প্রচার হোক তাহলে তার ব্যবস্থা করে দিতে পারবে তারা।
বাংলাদেশ সময় : ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
জিআর