 |
ঢাকা: আগামী দশ বছরে বিদেশের শ্রম বাজারে বাংলাদেশের আরো এক কোটি কর্মী কর্মসংস্থান পাবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেছে।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মো. ইসহাক হোসেন তালুকদার, এ বি এম আবুল কাসেম, মো. শাহাব উদ্দিন এ এ মারুফ সাকলান বৈঠকে অংশ নেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ২ লাখ ৪৯ হাজার ৪৫৬ জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছে। আর এবছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রেমিটেন্স এসেছে ৪ হাজার ৫৪৫ দশমকি ৪৮ মিলিয়ন মার্কিন ডলার।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, এবছর সর্বমোট সাড়ে সাত লাখ কর্মী বিদেশে পাঠানো সম্ভব হবে।
ওই প্রতিবেদনে বৈদেশিক কর্মসংস্থানে সাতটি সমস্যার কথা তুলে ধরেছে মন্ত্রণালয়। এগুলো হলো-নতুন শ্রমবাজার অনুসন্ধান, দূতাবাসে শ্রম উইং স্থাপন, রিক্রুটিং এজেন্সির কার্যক্রম তদারক, অভিবাসন প্রক্রিয়া আধুনিকায়ন, মাঠ পর্যায়ে বিএমইটির সেবা সম্প্রসারণ, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
আরো বলো হয়েছে, নতুন শ্রম বাজার স্থাপনে ৫টি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। নতুন শ্রম বাজার হিসেবে ইরাক, রোমানিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, কানাডা, সুইডেন, সুদান, গ্রিস, কঙ্গো, এসতোনিয়া, তানজানিয়া, লাইবেরিয়া, আলজেরিয়া, আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, বোতসোয়ানা, সিয়েরালিয়ন প্রভৃতি দেশকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সুইডেন, অ্যাঙ্গোলা, দক্ষিণ আফ্রিকা, ইরাক, আলজেরিয়া, কঙ্গোতে কর্মী পাঠানো শুরু হয়েছে।
বৈঠকে সংসদীয় কমিটি বিদেশে কর্মী পাঠাতে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের সুপারিশ করেছে। এছাড়া বৈঠকে প্রবাসী কল্যাণ বোর্ডকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম শহর এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামাঞ্চলে ব্যাংকটির জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যবহাকারী প্রবাসীদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদানের ব্যবস্থা গ্রহণে ব্যাংককে পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে লেবার উইংয়ে লিগ্যাল এইড কার্যক্রম শক্তিশালী করার সুপারিশ করা হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ১৭, ২০১২
এসএইচ/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর