ঢাকা: বিশ্বব্যাংক ঋণচুক্তি পুনবির্বেচনা না করলে দুদকের পক্ষ থেকে বিশ্বব্যাংককে কোনো সহযোগিতা করা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।
বুধবার দুদকের প্রধান কার্যালয় সাংবাদিকদের দুদক চেয়ারম্যান বলেন, “বিশ্বব্যাংক যদি সরকারের সঙ্গে সমঝোতায় আসে, তাহলে দুদক বিশ্বব্যাংকের প্যানেলের সঙ্গে কাজ করবে। তা নইলে নয়।”
তিনি আরও বলেন, “পদ্মাসেতু প্রকল্পে ষড়যন্ত্রের হোতাদের খুঁজে বের করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
পদ্মাসেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে এরই মধ্যে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, “অনুসন্ধান কমিটি প্রয়োজনে আরও এক বা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে।”
গোলাম রহমান জানান, দুদকের তদন্ত কমিটিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। তারা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
এডিএ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com