সম্প্রতি দু’টি ধর্মীয় বই নিয়ে কানাডায় সাম্প্রদায়িক বিতর্ক শুরু হয়েছে। শরিয়া আইনের পক্ষে মাওলানা আশরাফ আমি তানভীরের লেখা একটি বই- ‘এ গিফট ফর মুসলিম কাপল’, অন্যটি হচ্ছে- ‘দ্যায়ার ইন নো গড বাট আল্লাহ’।
প্রথম বইটি নয়াদিল্লির ইদারা ইমপেক্স কর্তৃক প্রকাশিত হলে তা টরন্টোতে বিক্রি হচ্ছিলো। উল্লেখ্য, ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর কানাডায় শরিয়া আইন বাতিল করা হলেও একটি মহল তা নিয়ে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছে। বইটি নিয়ে ডেইলি টরন্টো সান রিপোর্ট করার পর তা দ্রুত সরিয়ে ফেলা হয়।
অপর দিকে, দ্বিতীয় বইটির টরন্টোর বেশ ক’টি সাবওয়ে স্টেশনের প্লাটফর্মে বিজ্ঞাপন দিয়েছে ওয়াক-ইন-ইসলামিক ইনফো সেন্টার। যা ইহুদী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। স্বাধীন মত প্রকাশের আইনের ফাঁক-ফোকরে বিতর্কিত বিজ্ঞাপণটি এখনো ঝুলে আছে।
উল্লেখ্য, আলোচিত ইসলামিক সংগঠন ওয়াক-ইন-ইসলামিক ইনফোসেন্টারের সাথে জঙ্গীবাদের যোগাযোগ রয়েছে বলে খবরে প্রকাশ। এদের ওয়েব সাইটে ২/৩ জন বিতর্কিত ব্যক্তি রয়েছে, যাদেরকে ব্রিটেন ও কানাডায় একাধিকবার ঢুকতে অনুমতি দেয়া হয়নি। তাদের মধ্যে ভারতের ড. জাকির নায়েক অন্যতম। সম্প্রতি ওয়েব সাইটের লিঙ্ক থেকে জাকির নায়েকের লিঙ্কটা মুছে দেয়া হয়েছে।
বাংলাদেশ সময় ১৪৫৩, জুন ৯, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক