ঢাকা: গ্রামীণফোন প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধাকে প্রথম হারের স্বাদ দিয়েছে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে তারা ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২০ মিনিটেই এগিয়ে যেতে পারতো শেখ জামাল। কিন্তু উইংগার শাকিলের বামপায়ের শট মুক্তিযোদ্ধার ক্রস পিচে আসায় গোলবঞ্চিত হয় ধানমন্ডির ক্লাবটি। ৫ মিনিট পরেই গোলহজম থেকে বেঁচে যায় শেখ জামাল। মুক্তিযোদ্ধার ব্রাজিলিয়ান স্ট্রাইকার থিয়াগো সিলভার শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন শেখ জামাল গোলরক্ষক মাকসুদুর রহমান।
৭০ মিনিটে সুযোগ নষ্ট করেন মুক্তিযোদ্ধার বদলী খেলোয়াড় ইউসুফ। এই ফরোয়ার্ড বক্স থেকেও বল পোস্টের বাইরে মারেন। ৭৯ মিনিটে শেখ জামালকে জয়সূচক গোলটি উপহার দেন নাইজেরিয়ান স্ট্রাইকার মাইক অটোজেরারি। ডানপ্রান্ত থেকে মিডফিল্ডার রায়হানের থ্রোতে হেডে জাল কাঁপান অটোজেরারি।
ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধার বিপক্ষে সহজ জয় পেলেও লিগের ঘামঝরানো জয় প্রসঙ্গে শেখ জামাল কোচ জোফে আফুসি বলেন,‘ ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধা এতটা শক্তিশালী ছিলোনা। তাদের বিদেশি খেলোয়াড়রও ছিলো না এবং সেভাবে তখন গুছিয়েও উঠতে পারেনি তারা। এখন ফরেনাররা আসায় মুক্তিযোদ্ধা আগের চেয়ে শক্তিশালী। তাদের বিপক্ষে দিনশেষে তিন পয়েন্ট তুলে নিতে পেরে আমি খুশী।’
অন্যদিকে হারের জন্য রেফারিকে দায়ী করে মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক বলেন,‘এই পরাজয় আমি স্পোর্টিংলি নিতে পারছিনা। আমাদের বিপক্ষে যে গোলটি হয়েছে সেটা ফাউল হয়েছিলো। কিন্তু রেফারি ইচ্ছাকৃত গোলের বাঁশি বাজিয়েছেন। আমি রেফারির বিপক্ষে বাফুফেতে অভিযোগ জানাব।’
টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যুগ্মভাবে শীর্ষে রয়েছে শেখ জামাল। তিন ম্যাচে এই প্রথম হার হওয়ায় মুক্তিযোদ্ধার সংগ্রহ ৬ পয়েন্ট।
বাংলাদেশ সময়:২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এএইচবি/এফএইচএম eic@banglanews24.com