 |
প্রথমবারের মত একটি টেলিছবিতে অভিনয় করলেন আরমান পারভেজ মুরাদ ও জেনি। টেলিছবিটির নাম ‘স্বপ্নের দিন’। লিসা গাজীর উপন্যাস ‘রৌরব’ অবলম্বনে টেলিছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পার্থিব রাশেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মুনিরা মিঠু, ড. ইনামুল হক, মণীষা শান্তা, বাবু, অপু প্রমূখ।
টেলিছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গজল শিল্পী মেসবাহ আহমেদ। টেলিছবিটি সম্পর্কে পরিচালক পার্থিব রাশেদ বলেন, ‘সাইকো থ্রিলার টেলিছবি ‘স্বপ্নের দিন’ এ উঠে এসেছে একটি মধ্যবিত্ত পরিবারের নানান ক্রাইসিস। পরিবারের বড় মেয়ে অবিবাহিত লাভলী ৩২তম জন্মদিনে শহরে একা ঘুরতে বেড়িয়েছে। এই প্রথম তার একা শহর ভ্রমণ। বাইরে বের হয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অবশেষে মাথার ভিতরে লুকিয়ে থাকা কল্পনার নায়কের দেখানো পথ ধরে ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়।
ঘুরতে ঘুরতে পরিচয় হয় একজন লোকের সাথে। যে লোকটি সকালে বের হয়েছে সন্ধ্যায় একজন নারী নিয়ে ঘরে ফিরবে বলে। দুপুরে বাড়ি ফেরার কথা থাকলে সন্ধ্যা পেরিয়ে যায়, লাভলী ঘরে আসে না। এদিকে বড় মেয়েকে একা বের হতে দিয়ে ঘরে ঘরে যাতনায় ভুগছেন মা ফরিদা বেগম। এ নিয়েই এগিয়ে যাবে এর গল্প।’
শিগগিরই টেলিছবিটি যে কোন একটি চ্যানেলে প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
জিআর