ব্যক্তিগত সুখ-দুঃখ
চিৎকার করে কবে যেন বলেছিল ওরা- শান্তি, মাগো শান্তি
তারপর কবুতর তার দানা শেষে উড়ে গেছে
অন্ধকার ডানা মেলে শহুরে কাক, ঠিক যেন কথা রাখে!
চোখের সামনে বুড়ো হয় বাবা, মা; দাদা-দাদীর মরা চোখ!
জোয়ান শরীর, জোয়ান শহর
চারদিকে আশ্বাস, আহা বিশ্বাস- কথা রাখে!
বেড়িয়ে যে যাই আসলে কোথায় যাই ?
দরজার বাইরে সেটেলমেন্ট, দরজার ভেতরে সেটেলমেন্ট
বিষধর ফণা তোলা সেটেলমেন্ট!
লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ...
দেহের লোভ মনে কাছে এসে হেরে যায় বহুবার।
হাসি বলতে যেটা দেখে না দেখার ভান, শুনে না শোনার ভান
সেটাও তো গলার কাছে এসে মরে যায়, পঁচে গন্ধ ছড়ায়।
তারচে মুখ বুঁজে থাকাই ভালো।
চলছে চলুক মন্দ কি, অন্নকে গিলে ফেলুক অন্ন!
শুক্কুরে শুক্কুরে হল আষ্ট দিন!
আমি না জানি প্রেম, না জানি নিবেদন,
কী আর বলবো, ইদানীং ঈশ্বরও বুঝি গঞ্জের মহাজন!
পরস্পর
ওরা নিম্ন, ওরা মাঝারি, ওরা উপর তলার
এপাশ থেকে কেউ বলে– ‘পোশাকে, অবশ্যই পোশাকে।
ওরা বলে – ‘রুচিতে। যেটা না বললেই নয় – ‘ফ্যাশানে।
খাদ্যাভ্যাস, কথাবার্তা, চালচলন, প্রযুক্তি এমনকি প্রজননে।
অথচ এখনো নাকি সবাই পট মেপেই ভাত রাঁধে !
: জ্বি, কিছু বলছিলেন!!
: না, ঠিক সেরকম কিছু না-
আসলে...
উপরে তো সবাই উঠে, কেউ সিঁড়ি দিয়ে আবার কেউ কেউ কাঁধে।
চিরকূট
১.
মুখ ভর্তি অজস্র গালি! মুখ ভর্তি অজস্র ছওয়াব! মুখ ভর্তি অজস্র চুম্বন!
দেয়াল ধরে হেঁটে যাওয়া এই মাতাল` শহরে, আমি ভুলে যাই, গুলিয়ে ফেলি-
কখন কাকে, কোনটা দিব! কোনটা দিতে হয় অথবা দেওয়া উচিৎ ছিল!
২.
আরেকটা সত্য আছে তাকে আমি গোপন করে রাখি মিথ্যা দিয়ে, অর্ধেক হাসি দিয়ে;
যেমন- ঢেকে রাখে নেশা তার সমস্ত ক্ষত;
ধুঁয়া দিয়ে, ভুলে থাকার প্রতিশ্রুতি সরূপ এক পেগ স্বপ্ন দিয়ে...
৩.
এমন সন্ধ্যায় আমি চায়ের সাথে তোমায় খুঁজলাম, কড়া লিকারে...
হিম হয়ে আসা দূরের আকাশ তির তির করে কাঁপে বুকের পাঁজরে!
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১২