কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো বোন। তারা হলো- আরিফা (১০), মারুফা (৭) ও সুয়েফা (৮)।
শনিবার দুপুর দেড়টার দিকে কুলিয়ারচর উপজেলার বাজরা মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ইউনুস আলী বাংলানিউজকে জানান, শনিবার দুপুরে বাজরা গ্রামের আলী আশরাফের স্কুল পড়ুয়া দুই মেয়ে আরিফা (১০) ও মারুফা (৭) এবং তার ভাই আলী হোসাইনের মেয়ে সুয়েফা (৮) বাড়ির পাশের বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়।
এ সময় আশপাশের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, একই সঙ্গে তিন বোনের মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর