ঢাকা: মিসরের বহুপ্রতিক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই করা হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ফলাফল ঘোষণা করা হবে।
তবে দেরিতে হলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা মিসরের সব অনিশ্চয়তার অবসান ঘটাবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। দেশটির সেনা বাহিনী এখনো সর্বোচ্চ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে মরিয়া। ফেব্রুয়ারির রক্তক্ষয়ী বিপ্লবের পর মিসরের গণতন্ত্রের পথে উত্তরণে সবচে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তারা।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণা এবং নির্বাচিত সরকারের হাতে সেনা বাহিনীর ক্ষমতা হস্তান্তরের দাবিতে ঐতিহাসিক তাহরির স্কয়ারে জড়ো হয়েছে মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থক।
বিপ্লব পরবর্তী মিসরে সামরিক বাহিনী বেশি মাত্রায় ক্ষমতা ধরে রেখেছে এবং ইচ্ছেমতো প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে ক্ষমতাসীন মিলিটারি সুপ্রিম কাউন্সিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মূহূর্তে রাজধানী কায়রোর রাস্তায় এবং তাহরির স্কয়ারের আশপাশে অতিরিক্ত পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় এবং আইনের লঙ্ঘন প্রতিহত করতে পুলিশকে অ্যাকশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তাদের সব বাড়ি পাঠানো হয়েছে এবং সব ব্যাংক ও দোকানপাট বন্ধ।
এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের সমর্থকরাও রাজধানী কায়রোর উত্তরে নসর শহরতলীতে জড়ো হয়েছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট হিসেবে শফিককে বিজয়ী ঘোষণার দাবি জানাচ্ছে তারা। জমায়েতে ইসলামপন্থি মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে তারা।
নির্বাচনের পর সামরিক বাহিনীর সমর্থক ও শফিক সমর্থকদের এটিই সবচে বড় জমায়েত বলে উল্লেখ করেছে অনেক সংবাদ মাধ্যম।
গত ১৬-১৭ জুন প্রেসেডন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর থেকেই মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি এবং সাবেক জেনারেল আহমেদ শফিক উভয়েই নিজেদের বিজয়ী দাবি করে আসছেন। গত বৃহস্পতিবার ফলাফল ঘোষণার কথা থাকলেও ভোট জালিয়াতির কিছু অভিযোগ তদন্তে সময় লাগবে বলে তা স্থগিত করে নির্বাচন কমিশন।
তবে গত শনিবার তারা বলেছে, রোববারই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এদিন এক বিবৃতিতে নির্বাচন কমিশন মহসচিব হাতেম বাগাতো জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার ফারুক সুলতান স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ফলাফল ঘোষণা করবেন।
এদিকে সর্বোচ্চ আদালতের নির্দেশে নির্বাচিত সংসদ ভেঙে দেওয়া, সংবিধান রচনার আগে নতুন নির্বাচন অনুষ্ঠান না করার ঘোষণা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করে সেনা বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা পুনর্বহাল করার চেষ্টা মিসরের ভবিষ্যৎকে দিনে দিনে আরো বেশি অনিশ্চয়তার দিকে ঢেলে দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর