সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে সম্প্রতি বাংলাদেশিদের এক মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক। অনুষ্ঠানে দর্শকদের মন মাতিয়ে দেন বাংলাদেশের আধুনিক বাংলার কালজয়ী শিল্পী কনক চাঁপা।
সিডনির ম্যারিকভিল টাউন হলে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হাই কমিশনার লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের কনস্যুলেট জেনারেল এনথুনি কুরী ও নিউ সাউথ ওয়েলস-এর লেজিসলেটিভ কাউন্সিল পার্লামেন্টারি সেক্রেটারি ডেবিড ক্লার্ক।
উপস্থাপনা করেন সোনীয়া বেগম ও মুকিট।
প্রধান অতিথি এ অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, “অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের এ মিলনমেলা নতুন প্রজন্মকে আন্দোলিত করে।”
অ্যাডভোকেট মোবারক হোসেন বলেন, “আমরা সমগ্র অস্ট্রেলিয়াতে একমাত্র সংগঠন যেখানে বিনোদন, সংস্কৃতি কিংবা শিক্ষা বিষয়ক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করে।”
তিনি বলেন, “প্যারামেটা বাংলা স্কুল কিংবা ম্যারিব ভিল পাঠশালা ছাড়াও আমরা সফলতার সঙ্গে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি।”
সাধারণ সম্পাদক কাজী এস ফাগুন গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির নেতা মো: কাইউম, কাজী এস ইসলাম ফাগুন, আবদুল মতিন উজ্জল, সাইফুল ইসলাম চৈধুরী, মুনিয়া কাইউম, একেএম ফজলুল হক শফিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর