ঢাকা: পতনের বাজারে বেশি প্রিমিয়াম নেওয়ায় দুই কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। কোম্পানি দুটি হলো- অর্গান ডেনিমস লিমিটেড ও এনভয় টেক্সটাইল লি.।
গত ২৮ জুন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে এ দাবি জানানো হয় বলে এসইসি ও সংগঠন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সংগঠনের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘২০১০ সালের ডিসেম্বর থেকে শেয়ারবাজারে যে মহা ধসের সৃষ্টি হয়েছে, তা আজও অব্যাহত রয়েছে। মহা ধসে পড়ে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছেন। বাজারে পতন শুরুর পর যেসব কোম্পানি প্রিমিয়ামসহ বাজারে এসেছে, সেসব কোম্পানির অধিকাংশের শেয়ারের দাম অভিহিত মূল্যের নিচে নেমে এসেছে।’
চিঠিতে বলা হয়, ‘গত ২৯ মে এসইসির ৪৩৪তম কমিশন সভায় অর্গান ডেনিমসের আইপিওর মাধ্যমে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ৩৪ টাকা প্রিমিয়ামসহ ৪৪ টাকায় নির্ধারণ করা হয়।’
চিঠিতে আরও বলা হয়, ‘এনভয় টেক্সটাইল লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকায় অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থ।’
শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে এই কোম্পানি দুটি প্রিমিয়ামসহ বাজারে এলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আর তাই প্রতিষ্ঠান দুটির আইপিওর অনুমোদন বাতিলের আহ্বান জানায় সংগঠনটি।
এদিকে, ডিএসই সূত্রে জানা যায় আগামী ২৯ জুলাই এনভয় টেক্সটাইল লিমিটেড এবং ৯ সেপ্টেম্বর অর্গান ডেনিমস লিমিটেডের আইপিওর সাবস্ক্রিপশন শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর