 |
বার্তা
ভোর হতে দেখা গেল তোমারে, পাচঁজন বসে আছে
তোমার আশায় আজ, অপরায় তোমারেই শুধু
খুঁজে খুঁজে কেউ যেন হেঁটে যায় যদি চিনে নিতে
পারো ডাক তারে দশ হাত দিয়ে ইয়মের বুক
থেকে কাছে টেনে নাও তারে ঠাঁই দাও নিজ ঘরে
রূপ-অরূপের মাঝে সে যে আমি মা’গো আমি
কুমারী পূজার শেষে বসিবো তোমার চরণের
ধারে আজ, অগতি হইয়া আলতার শোভাতে ভক্তি
রাখিয়া দূর্গার পায়ে, শতগুণে প্রেম নিয়া বলি
মা’গো তোমার কন্যারে বলো এই আমারে দেখিতে
পিয়া কি মিলনে কি আস্
দেখা গেছে বেপরোয়া কিছু ছায়া পিছে পিছে আসে
পশ্চিমের দিক থেকে বাতাসে আসতেছে বারুদের
ঘ্রাণ বেলা দ্বিপ্রহরে তখন দাঁড়াইয়া আছি, যেন
অহেতুক নস্টালজিয়া বারুদের মতো কাছে এসে
ফিরে ফিরে যায় আর তোমারে ভাবায়। অনন্তের
দিকে চোখ রেখে বহুদিন তোমারে দেখি না তবু
গাজার সীমান্তে দেখি আমি শুধু তোমার চিহ্ন
পড়ে আছে ছোট ছোট লাশগুলা এখনই যেন কাঁপবে
ঠোঁট, যেন চোখের পাতার নিচে সাইমুম, তার
মাঝে খুঁজি জীবন্ত তোমারে হাতে নিয়া পদ্মফুল
যুদ্ধের ময়দানে ঘুরি যদি দেখা যায় ওই মুখ
তাও যেন আদ্যোপান্তে জেগে ওঠে সব শব, যেন
দুই একটা কবুতর উড়াইতে পারি শেষ সিনে
তাই তোমারে খুঁজতেছি আমি অসহায় ফিলিস্তিনে
বিষ
আমার দিকেই তীব্র আলো এসেছিল নিরালোক
থেকে, আরশের দিকে চোখ খুলে তখন দেখেছি
এই আয়োজন, তুমি শুয়ে আছো ঘুমে কতো কতো
শতকের পুরাতন শাল শরীরে জড়িয়ে। বাসি
ফুল হাতে নিয়ে বসে আছি শিয়রের কারাগারে
বারবার জন্মাই আমি অর্বাচীন, কতো ফাঁড়া পার
হয়ে এ আদমসুরতে, যতো কল্পকথা শেষ হয়
তবু কোনও কৃপা আসে নাই এই প্রণয়ের দিকে
সিঁথি তব ঠোঁটে আজ ঠোঁট লাগিয়েছি এ আশায়
যেন তুমি জেগে ওঠো দু’ফোঁটা বিষের মহিমায়
সেই রাত, পোড়া চোখ
দুই চোখ জ্বলে, যেদিকে তাকাই
বাতাস পোড়াই, আমার শরীর
জেনেছে কতটা রাত্রি হয়েছে
ক্লান্ত হয়েছে দুই নদীতীর
তীরধনুকের দেশে সেই ডাক
ছুঁয়ে গেছে এই দেহ চরাচর
সেই রাত কোনওদিন শোনে নাই
বিজন ভূমিতে ডাহুকের ডাক
পোড়া চোখ কোনওদিন দেখে নাই
কোন ডালে কোন উড়ালের পথ
সেই রাত জানে, জানে পোড়া চোখ
মিশে থাকে কার আচল প্রান্তে
মাটির দাওয়া, ফুলের বাগান
অথবা শুধুই কবর বয়ান
নাম ধরে ডাকি
এ স্থবির নিশাকাল গাঢ় হয়ে এলে
হরণ হয়েছে আজ তাবৎ তারারা
আকাশে অপয়া শহরের মেঘ দেখে
কপাট রয়েছে খোলা, জানালার দিক
থেকে ধীরে উঠে গেলে ধূমায়িত ধোঁয়া
মরিচীকায় পলক ফেলে ঘোমটা তুলে
চিনেছি তোমার নাম, তোমার নামের
আরশিতে তোমারে দেখা যায়; শিয়রের
কাছে আছে গলা মোমচাঁদ, আশ্বিনে জেগে
উঠে আমি নাম ধরে তোমারে ডেকেছি
বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১২